শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এক ধরনের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে, শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না।

​শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গোরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​আওয়ামী লীগকে ফেরাতে জামায়াতের চক্রান্ত

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘও এর স্বীকৃতি দিয়েছে। সুতরাং নতুন করে বাংলাদেশে আর আওয়ামী লীগ ফেরার কোনো সুযোগ নেই। তবে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং তাকে ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে বলে তিনি অভিযোগ করেন।

​তিনি আরও বলেন, শেখ হাসিনা তো অপেক্ষা করছেন জামায়াত কতদিনে রাষ্ট্রকে অশান্ত করে। জামায়াতের ওপর নির্ভর করছে আওয়ামী লীগ ফিরে আসার বিষয়টি। আওয়ামী লীগ ফিরে আসলে শহীদ আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, সেভাবেই দেশের সাধারণ মানুষকে হত্যা করবে। জামায়াতকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত যদি মনে করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ৯৬-এর মতো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে, তাহলে এদেশের জনগণ উল্টো জামায়াতের বিরুদ্ধেই আন্দোলন করবে। যে দলটি শহীদ আবরার ফাহাদকে খুন করেছে, ওই দলের আর বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই।

​জ্বালানি সংকট ও লংমার্চ নিয়ে সমালোচনা

জ্বালানি সংকট নিয়ে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। এই সংকটকে পুঁজি করে লংমার্চ করলে দেশে অস্থিরতা আরও বাড়বে। তিনি সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রকে অশান্ত করলে আওয়ামী লীগই ফিরে আসার সুযোগ পাবে।

​আরও পড়ুন: হাসনাতের মন্তব্যে কেন এত ক্ষুব্ধ আলেমরা? ব্যাখ্যা দিলেন রফিকুল ইসলাম মাদানী

​আবরার ফাহাদের চেতনা ও ভারতের সাথে সম্পর্ক

ভারতের সাথে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, খুনিদের আশ্রয় দেওয়ার ব্যাপারে ভারত তার অবস্থান স্পষ্ট না করলে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। এটিই আবরার ফাহাদের চেতনা এবং এই জন্যই ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা হচ্ছে। অতীতের রাখী বন্ধন ছিন্ন করে ভারতের সাথে সম্মান ও মর্যাদার সম্পর্ক গড়ার কথা জানান তিনি।

​তিনি বলেন, বিএনপি সরকার আবরার ফাহাদের চেতনা বাস্তবায়নে কাজ করছে। কুষ্টিয়ার শহীদ আবরার স্টেডিয়ামসহ সারা বাংলাদেশে বিভিন্ন স্থাপনা ও বিশ্ববিদ্যালয়ে তার নামে হল করা হয়েছে। বাংলাদেশের মাটিতেই শহীদ আবরার ফাহাদ হত্যার বিচার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন প্রমুখ।

2 thoughts on “শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *