বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে চাঁদাবাজি-ধান্দাবাজি থেকে বিরত থাকুন: ফজলুর রহমান
বিএনপিকে এবং তারেক জিয়াকে ক্ষমতায় রাখতে চাইলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
সমাবেশের প্রেক্ষাপট
রোববার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। তাই ক্ষমতা ধরে রাখতে হলে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। বিগত দুই বছরে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা থেকে তওবা করারও আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ‘নাজিম উদ্দীনের সম্পদ ভাঙা তাহলে বৈধ?’ রাশেদের বক্তব্যে প্রশ্ন ইসরাফিলের
তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে ফজলুর রহমান বলেন, “তারেক রহমান কখনো মানুষের সঙ্গে প্রতারণা করতে পারেন না। তাই বাংলাদেশকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তার পাশে দাঁড়াতে হবে।”
জামায়াতকে নিয়ে মন্তব্য
সমাবেশে জামায়াতে ইসলামীকে নিয়েও কড়া মন্তব্য করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, “সাপকে বিশ্বাস করা গেলেও জামায়াতকে বিশ্বাস করা যায় না।”
জামায়াতের আমিরের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জামায়াতের আমির বলেছিলেন বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেবেন, অথচ সারা পৃথিবী বলে জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি।”

